বন্যার পানিতে খামার থেকে ভেসে গেছে মুরগি। দুই–একটি যা উদ্ধার করতে পেরেছেন তা নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন এই ব্যক্তি। গতকাল দুপুরে ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রের কাছেছবি: জুয়েল শীল


কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে বন্যাকবলিত হয়েছে বাংলাদেশের ১২টি জেলা। সরকারি হিসাবে, মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ। বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও।


শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল হাসান, এনামুল হকরা ফেসবুকে পোস্ট দিয়ে দেশের মানুষকে বন্যাদুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবার শরীফুলদের মতো বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।


রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলছেন রিজওয়ান। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান এক্সে লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’