ছোট পর্দায় নিয়মিত দেখা যায় নাবিলা ইসলামকে। পাশাপাশি উপস্থাপনায়ও দেখা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে খবর দিলেন, তিনি মা হয়েছেন; মেয়ের নাম রেখেছেন আন্দোলন। জীবনের নতুন অধ্যায়সহ অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।
মা হওয়ার পর সময়টা কেমন কাটছে?
নাবিলা ইসলাম : এটা একেবারে অন্য রকম অনুভূতি। মাতৃত্বের পুরো ভ্রমণটাই অসাধারণ। এখন শুধু মেয়েকে নিয়ে সময় কাটছে। বাসার সবাই, আত্মীয়স্বজনেরা আমার মেয়েকে নিয়ে আনন্দে মেতে আছে, আমিও এটা বেশ উপভোগ করছি।
মেয়ের নাম আন্দোলন রাখলেন কেন?
নাবিলা ইসলাম : আমরা সবাই জানি, জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে কী ঘটে গেছে। এ সময়ের মধ্যে আমাদের সবার কাছে ‘আন্দোলন’ শব্দটা আবেগের বা প্রতিবাদের শব্দ হয়ে ওঠে বা এর চেয়ে বেশি কিছু। অনেকটা ভালোবাসা ও আবেগ থেকে আমরা মেয়েকে আদর করে আন্দোলন নামে ডাকি, তবে ওর পুরো নাম আনশা সেহরিশ রওশান।
প্রথম আলো :
এক দশক ধরে কাজ করছেন, ক্যারিয়ারে যে জায়গায় পৌঁছাতে চেয়েছিলেন, পেরেছেন?
নাবিলা ইসলাম : ২০১৬ থেকে বিনোদনজগতে কাজ করে যাচ্ছি। পুরোপুরি ভালো লাগার জায়গা থেকে আসলে আমার এ অঙ্গনে কাজ করা। ভালো লাগার সেই জায়গা পুরোপুরি পেশা হিসেবে নিয়ে এখন পর্যন্ত ব্যস্ত সময় পার করছি। কখনো বিরতি নিইনি, শুধু প্রেগন্যান্সির সময়টুকু ছাড়া। বিরতি নিইনি বা আমাকে কখনো থেমেও থাকতে হয়নি। আমি টার্গেট ঠিক রেখে কোনো কিছুর পেছনে ছোটার মানুষ নই। সব সময় আমার মনমর্জিতে কাজ করে যাচ্ছি, দর্শকের কাছ থেকে যেটুকু ভালোবাসা পেয়েছি, সেটুকুতে সন্তুষ্ট। কিন্তু শিল্পী হিসেবে আরও অনেক বেশি ভালো কাজ করার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সব সময় আমার মধ্যে কাজ করে। আমার মনে হয়, আরও অনেক কিছু করারও আছে।



0 Comments